
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে সফল অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী মোট ১২টি অবৈধ ইটভাটা থেকে ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের অংশ হিসেবে মেসার্স নজরুল ব্রিকস-এর কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
জরিমানা করা ইটভাটাসমূহ: মেসার্স নিজামউদ্দিন ব্রিকস, মেসার্স আলহাজ্ব মোঃ নাছিরউদ্দিন ব্রিকস, মেসার্স এনবিএম ব্রিকস, মেসার্স এসইউএ ব্রিকস, মেসার্স নবীন ব্রিকস, মেসার্স নিউ ব্রিকস (চররাজারপুর), মেসার্স জান্নাত ব্রিকস, মেসার্স ধলেশ্বরী ব্রিকস, মেসার্স মা ব্রিকস, মেসার্স জাফর ব্রিকস, মেসার্স তোহা ব্রিকস। মোট জরিমানা আরোপ করা হয়েছে ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।





























