
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, প্রদর্শন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে সোমবার মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় পরিচালিত এই অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান এবং জনাব সায়মা রাইয়ান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. রাসেল মাহমুদ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় এবং ১৫(৪)(খ) ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিনের পরিমাণ ও আদায়কৃত জরিমানা নিম্নরূপ:
এস এম মাজিদ মিনি সুপার শপ থেকে ৩০০ গ্রাম পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা,
জাহানারা স্টোর থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,৫০০ টাকা জরিমানা,
মায়ের দোয়া স্টোর-১ থেকে ১.২ কেজি পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা,
মায়ের দোয়া স্টোর-২ থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।





























