
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। রবিবার, ২ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লঙ্ঘনের কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী ফতুল্লার ছয়টি প্রতিষ্ঠান থেকে মোট ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানসমূহ হলো:
প্রধান এন্টারপ্রাইজ, আব্দুল্লাহ এন্ড সন্স, মেসার্স কাজী এন্টারপ্রাইজ, মেসার্স পিয়াস এন্টারপ্রাইজ, তোকা ট্রেডার্স এবং মেসার্স মিশ্ত এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স পিয়াস এন্টারপ্রাইজকে সর্বোচ্চ ৭০,০০০ টাকা এবং বাকি পাঁচটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এই পদক্ষেপ নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে বায়ুদূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে





























