
বাংলাদেশে পরিবেশ দূষণ, বিশেষ করে বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য একটি গুরুতর হুমকিতে পরিণত হয়েছে। শিল্পায়নের দ্রুত প্রসারের ফলে পরিবেশগত মানদণ্ড উপেক্ষা করে পরিচালিত হচ্ছে অসংখ্য কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান, যা বায়ুমানকে বিপজ্জনক মাত্রায় পৌঁছে দিচ্ছে। এ পরিস্থিতিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বায়ুদূষণের অভিযোগে দুইটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে উক্ত দুই প্রতিষ্ঠানকে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো মোহাম্মদী স্টীল মিলস লিমিটেড, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ—যাকে ৫০,০০০/- টাকা এবং জিও জো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারাব, রূপগঞ্জ—যাকে ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।
এই অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লঙ্ঘনের কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানদুটিকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য অঞ্চলে পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





























