
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক দ্বন্দ্বের জেরে নদী আক্তার ওরফে নীলা (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাসুর রবিউল হাসান ওরফে আবিরের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের দুই ঘণ্টা পর রবিউল নিজেই থানায় গিয়ে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকুসহ আত্মসমর্পণ করেন।
নিহত নীলা মুন্সিগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে ঘাতক রবিউল হাসান বন্দর থানায় উপস্থিত হয়ে হত্যার দায় স্বীকার করেন।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, “ঘটনার খবর পেয়ে উপ-পরিদর্শক কামরুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, নিহত নীলার এটি ছিল চতুর্থ বিয়ে। তার স্বামী রাসেল বর্তমানে প্রবাসে রয়েছেন। কয়েক মাস আগে রবিউলের মা ব্র্যাক ব্যাংক থেকে ব্যবসার জন্য ৪ লাখ টাকা উত্তোলন করে ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নীলার হাতে দেন। তবে ঋণ শোধ না করেই রাসেল বিদেশ চলে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জামিনদার হিসেবে রবিউলকে চাপ দিতে থাকে। এ নিয়েই শুরু হয় পারিবারিক উত্তেজনা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে রবিউল ভোরে নীলাকে বাসা থেকে ডেকে এনে কুশিয়ারা এলাকার নির্জন বিলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
বন্দর থানায় এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।





























