
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক এবং শহিদ পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রদত্ত আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবার, শহিদ পরিবারের সদস্যগণ, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সেইসব বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগে আজকের এই নতুন বাংলাদেশ।
অনুষ্ঠানে ৪ জন শহিদ পরিবারের সদস্যের প্রত্যেককে ১০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র প্রদান করা হয়। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ২১২ জন যোদ্ধাকে এককালীন ১ লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
সভাপতির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ ও অদম্য চেতনা আমাদের জাতি পুনর্গঠনের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, এই যোদ্ধাদের সাহসিকতা দিয়েই গড়ে উঠবে একটি নতুন, উদ্ভাসিত বাংলাদেশ।" তিনি আরও বলেন, "নারায়ণগঞ্জের উন্নয়ন-অগ্রগতির যাত্রায় আমরা তরুণ সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করি। সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল নারায়ণগঞ্জ।"





























