
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদম রসুল সেতুর পশ্চিমপাশের এপ্রোচ সড়কের মুখটি যথাযথ সমীক্ষার মাধ্যমে পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ‘নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন’।
শনিবার (৩ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি এ দাবি জানান।
তিনি বলেন, সেতুর বর্তমান নকশা অনুযায়ী পশ্চিমমুখী এপ্রোচ সড়কটি শহরের ব্যস্ততম সড়ক ফলপট্টি, নারায়ণগঞ্জ কলেজ ও পাইকারি বাজার সংলগ্ন এলাকায় গিয়ে মিশবে, যেখানে প্রতিদিন লাখের বেশি মানুষ চলাচল করে। এর ফলে শহরে যানজট ভয়াবহ রূপ নিতে পারে। এই এলাকায় রেলস্টেশন, বাস-লঞ্চ টার্মিনাল, সুতার বাজারসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যেই সিরাজউদ্দৌলা সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। তার ওপর সেতুর নতুন সংযোগ সড়ক দিয়ে পূর্বপাড় থেকে আরও ৬০ হাজার মানুষ প্রতিদিন শহরে ঢুকবে।
তিনি আরও অভিযোগ করেন, এত বড় প্রকল্পের আগে নাগরিকদের মতামত নেয়া হয়নি এবং যথাযথ পরিবহন সমীক্ষাও করা হয়নি। তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এলজিইডির প্রতি সেতুর পশ্চিমমুখী সড়ক পুনর্বিন্যাসের জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দিপু ও সুজন নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।





























