
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর ঘোষের বাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এসআই (উপ-পরিদর্শক) সামছুল হক সরকার।
বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এসআই সামছুল হক সরকারকে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদকে গ্রেফতারে মাসদাইর ঘোষের বাগ এলাকায় অভিযান চালান। অভিযানে জাহিদকে না পেয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পেছন থেকে এসে এসআই সামছুল হকের ডান হাতের কনুইয়ের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পুনরায় অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি।





























