
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। এতে গণপিটুনিতে আহত হয়েছে আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নৌপথে এসে কলাগাছিয়া বাজারসংলগ্ন বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায় ডাকাত দল। টের পেয়ে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়। ধাওয়া থেকে বাঁচতে এক ডাকাত হাতবোমা ছোড়ে, যা বিস্ফোরিত হয়ে তার হাত উড়িয়ে দেয়। আহত অবস্থায় নদীতে ঝাঁপ দিলে কিছুক্ষণ পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
গণপিটুনিতে গুরুতর আহত দুই ডাকাতকে এলাকাবাসী পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরিচয় উদঘাটন সম্ভব হয়নি।





























