
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার চর বক্তাবলী, চরবয়রাগাদি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সিবিএফ ব্রিক ফিল্ডের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে চার লাখটাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করেন।
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ:
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী সিবিএফ ব্রিক ফিল্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। পরবর্তীতে ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং চার লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























