
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শুভ (২২) ও ইমন (২১), যারা সিদ্ধিরগঞ্জের মুজিববাগ এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টায় তাদের মোটরসাইকেল ধাক্কা খেয়ে সড়কে পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ ও ইমনের মৃত্যু হয়। আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”





























