
রাকিবুল হাসান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ৫ মার্চ আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সেই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গেপ্তার করা হয়। আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি তাছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তিনি ২০১৪ ও ২০১৮ সালে টানা দুবার আফতাব উদ্দিন সরকার আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য হন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান, আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে।





























