
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দীন খান কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মোঃ কামাল উদ্দীন খান, দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন । নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। (২৪)ডিসেম্বর মঙ্গলবার প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দীন খান । এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। মোঃ কামাল উদ্দীন খান ২০১৮ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ঘটে। এই শিক্ষকের বিদায় উপলক্ষ্যে সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।মোঃ কামাল উদ্দীন খান বলেন, আমি এই স্কুলে পড়াশুনা করেছি,এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু।
অনুষ্ঠানে মোঃ কামাল উদ্দীন খান কে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।





























