
নতুন নেতৃত্বে নরসিংদী পূজা উদযাপন পরিষদ; সভাপতি মাখন দাস
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সহ-সভাপতি ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রে জানানো হয়, সম্প্রতি জেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি অনিল চন্দ্র ঘোষের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাখন দাস ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্র অনুযায়ী সকল নিয়ম-কানুন মেনে চলা এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানায়।
ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। সকলকে সাথে নিয়ে পূজা উদযাপন পরিষদকে এগিয়ে নিতে কাজ করবো। আসন্ন দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসব সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।”





























