
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার৮ ব্রাহ্মণবাড়িয়াঃ
খননের প্রতিশ্রুতির জালে আটকে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কালন্দি খালে প্রাণ ফিরতে শুরু করেছে। আশা করা হচ্ছে, এবারের বর্ষাতেই খালটিতে বইবে জলধারা। খালটি আখাউড়া স্থলবন্দর থেকে শুরু হয়ে পৌর এলাকার সড়ক-বাজার দিয়ে তিতাসে গিয়ে মিলেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নারায়ণপুর সেতু থেকে থানা পর্যন্ত এক হাজার ৫১০ মিটার খালের খনন হবে।
পাঁচ-ছয় ফুট গভীর খালটির প্রশস্ততা হবে ১০ ফুট। প্রকল্পের মোট ব্যয় প্রায় ২৭ লাখ টাকা। জুন পর্যন্ত মেয়াদ হলেও ফেব্রুয়ারিতেই কাজ শেষের আশা করা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, খনন করা ২০০ মিটার অংশে পানি টলমল করছে।
তবে খালের ঘনবসতিপূর্ণ এলাকায় সাত শ মিটারের মধ্যে ৯টি সেতু ও দখল হয়ে যাওয়া কিছু জায়গা কাজের ব্যাঘাত ঘটাবে। আখাউড়ার ইউএনও গাজালা পারভীন রুহি বলেন, ‘এই কাজের পর বাকি যে ৭০০ মিটার অংশ থাকবে সেটির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পুরো অংশের কাজ হলে পানিপ্রবাহ বাড়বে ও জলাবদ্ধতাসহ নানা সমস্যার সমাধান হবে।’





























