
আজিজুল ইসলাম: টনসিলের সমস্যায় দীর্ঘদিন ভোগার পর বর্তমানে মারাত্মক শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন সাথী আক্তার (২৩)। টনসিলের সমস্যার কারণে তার কানের পর্দা ছিদ্র হয়ে গেছে এবং মাথায় সংক্রমণ দেখা দিয়েছে। টাকার অভাবে নিয়মিত ওষুধ সেবন করা সম্ভব হচ্ছে না, যার ফলে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বাঁচার আশায় উন্নত চিকিৎসার জন্য পিতৃহীন এই অসহায় তরুণী সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছেন।
সাথী আক্তার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলপুর দিঘিরপাড় এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহমানের মেয়ে। যোগাযোগের জন্য তার মোবাইল নম্বর 01981462985, যা বিকাশ ও নগদ উভয় মাধ্যমের জন্য সক্রিয়। যে কেউ এই নম্বরে সহায়তা পাঠাতে পারেন।
জানা গেছে, আব্দুর রহমান দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। পরিবারের দায়িত্ব নিতে তার ভাই গার্মেন্টসে চাকরি করেন।
সরেজমিনে দেখা গেছে, টিনের ছাউনি দেওয়া ছোট একটি ঘরে শয্যাশায়ী সাথী আক্তার খুবই দুর্বল, তার শরীর শুকিয়ে গেছে। কথা বলার সময় তিনি বারবার হাঁপিয়ে উঠছেন।
সাথী আক্তার বলেন, "মা অন্যের বাড়িতে কাজ করেন, তবে এখন সেভাবে কাজ পান না। আত্মীয়স্বজনের সাহায্যে কোনো রকমে দিন কাটছে।"
তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি। চিকিৎসা শুরু করতে বিলম্ব হলে তার অবস্থা আরও অবনতি হতে পারে। দেশবাসীর কাছে সাথী আক্তার সাহায্যের আবেদন জানিয়েছেন।





























