
রুপসা প্রতিনিধিঃ
খুলনা মহানগরী এলাকায় নিজ নামে সন্ত্রাসী বাহিনী তৈরি করে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, এলাকায় আধিপত্য বিস্তার, হত্যা, দখলদারিত্ব, চাঁদাবাজি, টাকার বিনিময়ে কিলিং মিশনসহ অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী নুর আজিম ও রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জানা যায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম ১জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে 'নুর আজিম (২৮), পিতা-শানু মহরী এবং তার সহযোগী সন্ত্রাসী (২) রিয়াজুল ইসলাম দাদা মিয়া (৩৫), পিতা-বাবুল মাতুব্বর গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র-গোলাবারুদ সম্পর্কে তথ্য প্রকাশ করে। তাদের প্রদত্ত তথ্য মোতাবেক মহানগর গোয়েন্দা বিভাগ খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী একনলা ১২ বোর এর কাটা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ এবং ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের ১১ টি মামলা রয়েছে। অপর শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।





























