
নারায়ণগঞ্জের নগরের পাইকপাড়ায় একটি ফার্মেসি থেকে শিবুরাজ সাহা (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কাদেরিয়া নগর লামাপাড়ার সাহসুজা রোডের একটি ওষুধের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিবুরাজ সাহা ফেনী জেলার চন্ডীচরণ সাহার ছেলে। জীবিকার তাগিদে তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে 'লিপি' নামে এক নারীকে উদ্দেশ্য করে লেখা ছিল, "তুমি সুখে থেকো।" পুলিশের ধারণা, প্রেমিকাকে উদ্দেশ্য করে এই বার্তা লিখে শিবুরাজ আত্মহত্যা করেছেন।
মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





























