
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে সন্তানদের জন্য ঈদের শপিং করতে গিয়ে পুলিশের মামলায় কুমিল্লা ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন। আটকৃত বিল্লাল হোসেন উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রহিমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, সম্প্রতি মুরাদনগরে দুটি মামলা হয়েছে। একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করেও ফ্যাসিবাদ সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে বিল্লাল হোসন। তার পরও সক্রিয় বিএনপি নেতা কর্মীদের ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তির জোর দাবি জানাই।





























