
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সাব-রেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেনের আন্তরিকতা ও দক্ষতার ফলে রাজস্ব আদায় এবং সেবার মানে ব্যাপক উন্নতি হয়েছে। গত বছরে (২০২৪) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৭৩৪ টাকা। চলতি বছরের জানুয়ারিতেই আদায় হয়েছে ৪ কোটি ৮ লাখ ৫২ হাজার ৪৭৪ টাকা।
উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯,৬৩২টি দলিল নিবন্ধন করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ৭৭৫টি দলিল নিবন্ধিত হয়, যা বছরের শুরুতেই উল্লেখযোগ্য রাজস্ব আহরণের ইঙ্গিত দেয়।
সাব-রেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেন বলেন, “রেজিস্ট্রেশন বিভাগ দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আহরণকারী বিভাগ। এখন সাধারণ মানুষ বাধাহীনভাবে জমি নিবন্ধন করতে পারছে। ফলে রাজস্ব আদায় আরও বাড়বে বলে আশা করছি।”
একটি সূত্র জানায়, বিগত সরকারের সময় প্রায় ১২ থেকে ১৪টি মৌজায় জমি কেনা-বেচা বন্ধ ছিল। স্থানীয় প্রভাবশালীদের মাসোয়ারা না দিলে জমি বিক্রি করা যেত না। বর্তমান সাব-রেজিস্ট্রারের দক্ষ ব্যবস্থাপনায় এই মৌজাগুলোর কার্যক্রম চালু হওয়ায় রাজস্ব আদায়ে বড় ধরনের উন্নতি হয়েছে।
আড়াইহাজার দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, “বিগত সময়ের ফ্যাসিস্ট পরিস্থিতি এখন নেই। বর্তমান সাব-রেজিস্ট্রারের আন্তরিকতায় অফিসের কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল হয়েছে।”
জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ জানান, “অফিসে কার্যক্রমে গতিশীলতা থাকলে দলিল নিবন্ধন বাড়ে। আমাদের অফিসাররাও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করছেন। জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।”
আড়াইহাজার সাব-রেজিস্ট্রার অফিসের অধীনে রয়েছে ১৭৮টি মৌজা, ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এখানে ৬ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক মজুরিভিত্তিক ৩ জন কর্মী কাজ করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, অফিসের বর্তমান গতিশীলতা বজায় থাকলে চলতি বছরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়া সম্ভব হবে।





























