
হুজায়ফা হিজল, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের জমির আধা পাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষক মো. আস্তাহার আলী উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুড়ী গ্রামের বাসিন্দা।
শনিবার ভোর রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে মিত্র তেঘুড়ী গ্রামের মো. আস্তাহার আলীর সঙ্গে একই গ্রামের আমিনুল ইসলাম, ইসমাঈল হোসেন ও ইউসুফ আলী গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার ভোর রাতে প্রতিপক্ষরা ভুক্তভোগী কৃষকের ১৫ শতক জমির আধা পাকা ধান কেটে নিয়ে জমিটি দখলের চেষ্টা করে।
ভুক্তভোগী ওই কৃষক আরো জানায়, আমাদের জমির নামজারী ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে। তার পরেও সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিয়ে ধান গুলো কেটে নিয়ে যায় তারা। এসময় তাদের আক্রমণাত্ব প্রস্তুতি দেখে আমাদের লোকজন ধান ক্ষেতের পাশে যাওয়ার সাহস পায়নি। তবে এ ঘটনায় ৯৯৯ লাইনের মাধ্যমে পুলিশকে জানালে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত আমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, আমাদের ক্ষেতে আমরা ধান রোপন করেছি। আবার আমরাই কেটেছি। আমাদের সকল কাগজপত্র আছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার এস আই বাবলু জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভয় পক্ষের কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছি। কাগজ পত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।





























