
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। বুধবার রাতে কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পাভেল মিয়া কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মোবাইলে কথাকাটাকাটির জের ধরে বুধবার রাতে বিএনপি নেতা বায়েজিদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী পৌর কার্যালয়ের সামনে এসে পাভেলের ওপর হামলা চালায়
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে পাভেলের মাথা ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। হামলার পর তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক সুরতহাল শেষে পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





























