
গত বছরের ৫ আগস্ট সারাদেশে বিরাজমান অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে শেরপুর জেলা কারাগার থেকে পলায়ন করে চার্জশিটভুক্ত হত্যা মামলার আসামি মো. আরিফুল ইসলাম (৩৬)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে তাকে আটক করেন এসআই সঞ্জীব জোয়াদ্দার।
শেরপুর জেলার নকলা থানার একটি হত্যা মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট বিকাল ৪টায় শেরপুর জেলা কারাগার থেকে তিনি পালিয়ে যান। সেই সময় কারাগার থেকে মোট ৫১৮ জন কয়েদি পালিয়ে গিয়েছিল বলে জেলা পুলিশ জানিয়েছে।
আসামির স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ সদর উপজেলার শিয়াচর। তিনি লুকিয়ে ছিলেন সস্তাপুরের লামাপাড়া এলাকায়।
পলাতক আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আরিফুল ইসলামকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





























