
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আবদুস সালাম তালুকদারের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের মধ্যে একটি প্লাস পাওয়া গেছে, যা বিদ্যুৎ সংক্রান্ত কাজের একটি সরঞ্জাম।
নিহতের বড়ভাই আব্দুর রব বলেন, “আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়, কিন্তু রাতে আর ফেরেনি। শুক্রবার সকালে লোকমুখে জানতে পারি, ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দিই। আমাদের ধারণা, তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।”
রহিমের স্ত্রী লিপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাত। যারা আমার সন্তানদের এতিম করেছে, আমরা তাদের বিচার চাই।”
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, “খবর পেয়ে আমরা বালুর মাঠে গিয়ে মরদেহ শনাক্ত করি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন দাগ দেখা যায়, তেমন চিহ্ন রয়েছে নিহতের হাতে ও পায়ে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।



































