
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া একটি গরু উদ্ধারসহ চুরির ঘটনায় জড়িত ৩ জনকে মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ঘটনা সংঘটনের দিনই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১ জুলাই রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জপুল মুজিব মার্কেটের নিচতলায় অবস্থিত “মনু গোস্ত বিতান” নামের দোকানের সামনে থেকে একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়ে যায়। গরুটি প্রতিদিনের মতো রাস্তার অপর পাশে খালের ধারে বাঁধা ছিল। দোকানের মালিক মো. আল আমীন (৩৫), পেশায় একজন কসাই, ঘটনার সময় দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় তিনি ২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মাথায় পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, মো. সোহান (২০), মো. শুভ (২০) ও সৈকত (২৪)। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানাধীন গাংগুল কান্দি এলাকার মোহাম্মদ আলীর বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজনের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই জাকিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই তথ্য-উপাত্ত সংগ্রহ করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমরা চুরির সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গরুটি অক্ষত অবস্থায় উদ্ধার করি।”





























