
আলমগীর হোসেন খানসামা দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম মূল্যায়ন পরীক্ষায় সহকারী শিক্ষকরা ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল।সোমবার (১২ মে) সরেজমিনে উপজেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়, গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে শিক্ষকরা সরাসরি ব্ল্যাকবোর্ডে প্রশ্নের উত্তর লিখে দিচ্ছেন। শিক্ষার্থীরা সেগুলো দেখে দেখে নিজেদের উত্তরপত্রে লিখছে।অভিযোগ রয়েছে, এই অনিয়ম ঘটেছে সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর টংগুয়া দাতাকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণখুলি ওকরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ভেড়ভেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "শিক্ষকরা যদি নিজেরাই পরীক্ষার উত্তর লিখে দেন, তাহলে শিশুদের শেখার সুযোগ কোথায়? এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকেত।"এ বিষয়ে খানসামা উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও জানান, “শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং আরও জোরদার করা হবে।”শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, শিক্ষার প্রাথমিক স্তরেই যদি এমন অনিয়ম চলতে থাকে, তবে আগামী প্রজন্মের নৈতিকতা ও মেধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং একটি সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন।





























