
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলার প্রতিটি এসএসসি পরীক্ষার কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এবারই প্রথম উপজেলার সব কেন্দ্রের সব কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামেরার আওতায় আনা সব কেন্দ্রের মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন ইউএনও।
তিতাস উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় ৩টি মাধ্যমিক ও একটি দাখিল কেন্দ্রসহ মোট ৪টি কেন্দ্র রয়েছে। শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন ও নকল প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়ার জন্য প্রতিটি কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
চলতি বছর তিতাস উপজেলায় মোট ১৮১২ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিবে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৩৬৯ জন, দাখিল পরীক্ষায় ৪৪৩ জন শিক্ষার্থী।
তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এবার তিতাসের ৪টি পরীক্ষা কেন্দ্রের সব কক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নকল প্রতিরোধসহ পরীক্ষায় ডিউটিরত শিক্ষক ও কেন্দ্র সচিবরা কে কী করছেন তা সিসি ক্যামরায় পর্যবেক্ষণ করা যাবে।’
মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী বলেন, আমার কেন্দ্রে ১৩টি কক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ক্যামেরা সচল রাখা হয়েছে। এবছরই সর্বপ্রথম সিসি ক্যামেরায় আওতায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে।





























