
দেশে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ইসলামের শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাশরুর আহমেদ। তিনি বলেন, "পরিবেশ নষ্ট হয়ে গেলে আমরা আর দাঁড়াতে পারব না। একমাত্র শান্তির পথে চললেই সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে।"
রোববার সকাল ১১টায় আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।
মাওলানা মাশরুর আহমেদ বলেন, “এক সময় আমরা আড়াইহাজারে ঢুকতেও পারতাম না। এখন সেই সুযোগ হয়েছে। কিন্তু যদি দেশের পরিবেশ নষ্ট হয়ে যায়, তাহলে আমরা আর দাঁড়াতে পারব না। ইসলামের শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই সমাজে হানাহানি ও বিশৃঙ্খলা কমে যাবে এবং দেশে স্থিতিশীলতা বজায় থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি এই আহ্বান জানাই।”
দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান, হাইজাদী ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাযহারুল ইসলাম প্রমুখ।





























