
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসা. আঞ্জুমান বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে কাঁচপুর নয়াবাড়ি বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী। নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, আঞ্জুমান বেগম ঢাকার রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার কাজের সন্ধানে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “নিহত আঞ্জুমান বেগম রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়, এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।”





























