
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এসআই রতন বৈরাগী ও নারী কনস্টেবল তানজিল সঙ্গীয় অফিসারদের নিয়ে চেকপোস্ট-৭ ডিউটি করছিলেন। চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দি থেকে আসা ‘স্বাধীন সার্ভিস মিনি বাস’ (রেজি. নং: মুন্সিগঞ্জ-জ-১১-০০৭৩) থামানো হলে এক নারী যাত্রী হঠাৎ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন।
তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে। পরে নারী কনস্টেবল তানজিল কর্তৃক তল্লাশিতে ওই নারীর হাতে থাকা খয়েরি রঙের সাইড ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো পাঁচটি নীল রঙের জিপার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ করে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল।
আটক নারীর নাম সীমা আক্তার (৩৫)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া এলাকার গলাচিপা কলেজ রোডের জনির বাড়ির ভাড়াটিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা পুলিশকে জানায়, তিনি এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করে সীমাকে শনিবার (২০ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।



































