
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে নয়ন (৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকার লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে ছিল ট্রাউজার ও শার্ট।
স্থানীয়রা জানিয়েছেন, মরদেহের কপাল ও গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নয়ন রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।





























