
বেলাব(নরসিংদী) প্রতিনিধি:সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লাহ নগর মৌলভী বাড়ি দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০ মার্চ) সকাল ১০.৪০ টায় উপজেলার আব্দুল্লাহ নগর হযরত শাহ মোহাম্মদ মৌলভী আব্দুল হাফিজ দরবার শরীফ মাঠে চট্রগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাঁহাগিরিয়া শাহ সূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতের ইমামতি করেন দরবার শরীফের খাদেম মাওলানা জহিরুল ইসলাম কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আগত মুসুল্লী আকবর হোসেন বলেন,আমরা দরবারে জাঁহাগিরিয়ার পীর ভাইয়েরা একত্রিত হয়ে এখানে প্রতি বছর ঈদের নামাজ আদায় করি। বাজিতপুর থেকে আগত মুসুল্লীরা বলেন, আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় করি। ঈদের জামাতের ইমাম মাওলানা জহিরুল ইসলাম বলেন, পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায় সেই খবরটা আমরা নির্ভরযোগ্য সূত্রে পেলে সেই অনুযায়ী আমরা প্রথম রোজা রাখি এবং ঈদ পালন করি। জাঁহাগিরিয়া দরবারের সিলসিলা মোতাবেক আমরা এগুলো পালন করি। বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আমলাব আব্দুল্লাহ নগর গ্রামে ঈদুল ফিতরের নামাজ একদিন আগে হয়। সবাই মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করবে। আর এজন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।





























