
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিবিডি-গাজীপুর জেলা আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী মানবিক অনুষ্ঠান ‘এক চিলতে হাসি’। সকালে ২০ জন পথশিশুকে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দিনটি পরিণত হয় ভালোবাসা, আনন্দ আর শিশুতোষ উৎসবের এক উজ্জ্বল উদাহরণে।
আয়োজনের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের সুপ্ত প্রতিভাকে উন্মোচন করা এবং তাদের জন্য একটি আনন্দঘন দিন উপহার দেওয়া। শিশুদের অংশগ্রহণে গান, নাচ, কবিতা আবৃত্তিসহ নানা সৃজনশীল পরিবেশনার মাধ্যমে তারা তাদের ভাবনা ও মনের ভাষা প্রকাশের সুযোগ পায়।
ইভেন্টজুড়ে ভিবিডি-গাজীপুর জেলার স্বেচ্ছাসেবকরা শিশুদের সঙ্গে কাটান গল্প, হাসি, খেলা আর হুল্লোড়ে ভরা মুহূর্ত। বেলুন, বাবল, কেক, সন্দেশ ও চকলেটে ভরা এক উৎসবমুখর পরিবেশে হাসিমুখে দিনটি উপভোগ করে শিশুরা।
দিনটির সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ইভেন্টের শেষাংশ, যখন প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হয় ভালোবাসায় মোড়া উপহার সামগ্রী। সেই উপহারেই যেন ফুটে ওঠে আয়োজনের উদ্দেশ্য এক চিলতে হাসি।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় ভিবিডি-গাজীপুর জেলার প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার ঊর্মীর নেতৃত্বে। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আফ্রিদিসহ ২০ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক, যাঁরা নিজেদের উদ্যোগ, সময় ও ভালোবাসা দিয়ে শিশুদের উপহার দিয়েছেন এক আনন্দময় দিন।
প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার ঊর্মী বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াসগুলো প্রমাণ করে, ভালোবাসা ও যত্ন দিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনেও আনা যায় আনন্দের রঙ।”





























