
আব্দুর রশিদ মোল্লা : শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
স্ত্রী হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার সাড়ে ৩ বছর পর উচ্চ আদালতে জামিনে কারামুক্ত হয়ে আত্মীয় - স্বজনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নানা ও খালা বাড়ি মাগুরার শ্রীপুরে আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে তাকে ফুল দিয়ে বরণ নেন আত্মীয় - স্বজনেরা। স্বজনদের কাছে পেয়ে বাবুল আক্তার জড়িয়ে ধরেন এবং কুশল বিনিময় করেন। এরপর অর্ধশতাধিক মোটরসাইকেল বহরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি গ্রামের খালা বাড়ি গিয়ে খালা সূর্য বেগমসহ আত্মীয় - স্বজনসহ স্থানীয় এলাকাবাসি তাকে ফুলের মালা পড়িয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ মিয়া, খালা সূর্য বেগম, খালাতো ভাই আব্দুর রশিদ বিশ্বাস,হাফিজুর বিশ্বাস,আব্দুস সাত্তার, ভাতিজা লেলিন বিশ্বাস আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাবুল আক্তার উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর সন্ধ্যায় পরিবারসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
বাবুল আক্তারের খালাতো ভাইয়ের ছেলে লেলিন বিশ্বাস বলেন,বাবুল আক্তার কাকা সাড়ে ৩ বছর পর জামিনে মুক্ত হয়ে আমাদের মাঝে এসেছেন। আমরা আত্মীয় - স্বজনেরা একত্রিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ববণ করে নিয়েছি। চৌকশ পুলিশ অফিসার বাবুল আক্তার কাকা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।দ্রুত সময়ের মধ্যে চাকরীতে পুনর্বহালের দাবী জানায়।
উল্লেখ্য,সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ২০২১ সালের ১২ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ফেনী ও চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন তিনি। আদালতে কয়েক দফা জামিনের আবেদন করা হলেও তা না মঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। গত বছরের ২৭ নভেম্বর তার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে মামলার বাদী বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন বহাল রাখেন। এরপর তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।





























