
সাদিয়াত হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতির ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(১৪ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৩ মে(মঙ্গলবার) রাতে সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. মামুন মেকার, মো. মাসুদ, সুরুজ আলী, মো. নাঈম, রাসেল, পিকআপ চালক কাজল ও রাশেদুল ইসলাম। তাদের বিরুদ্ধে ইতঃপূর্বেও একাধিক ডাকাতির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ৫ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের খামারবাড়ি সংলগ্ন কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। কারখানা থেকে ২৫০ কেবি সাব স্টেশনের ট্রান্সফরমার, বিভিন্ন সরঞ্জাম, তার, ব্যাটারি, এবো মিটার ইত্যাদি মিলিয়ে ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়।
মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা, সাভার ও আশপাশের এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিকআপ ও লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





























