
আজিজুল ইসলাম:
উচ্ছেদ অভিযান বন্ধ এবং শতবর্ষ পুরনো রাস্তা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার লক্ষীপুর, বালুরঘাটসহ আশপাশ এলাকার শতাধিক নারী-পুরুষ।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার লক্ষীপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, শত বছর আগে নির্মিত ও বহুদিনের ব্যবহৃত মাটির পুরাতন রাস্তা দিয়েই কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে আসছেন। সম্প্রতি একটি মহল ব্যক্তিস্বার্থে নদীর পাড় ঘেঁষে সরকারি জমিতে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা করছে। এতে শতাধিক দরিদ্র পরিবার উচ্ছেদের শঙ্কায় পড়েছে, যাদের অনেকেরই কোনো বিকল্প বাসস্থানের ব্যবস্থা নেই।
এলাকাবাসীর অভিযোগ, নতুন রাস্তা নির্মাণের নামে একটি প্রভাবশালী মহল প্রতিহিংসামূলকভাবে গরিব পরিবারগুলোকে টার্গেট করে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। মানবিক দিক বিবেচনায় পুরাতন রাস্তা ব্যবহার অব্যাহত রেখে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান তারা।
স্থানীয় খাদিজা বেগম বলেন, “শত বছর ধরে পুরাতন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে আসছে। নতুন রাস্তা নির্মাণ করা হলে গরিব মানুষদের ঘরবাড়ি হারানোর আশঙ্কা রয়েছে। যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে সকলের ক্ষেত্রেই সমানভাবে তা বাস্তবায়ন করা হোক—কেউ যেন প্রতিহিংসার শিকার না হয়।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মো. মোসলেম উদ্দিন, আ. হালিম, খাদিজা বেগম, রুনা আক্তার, শাকিল মিয়া প্রমুখ।
এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার জানান, “নদীর জমি বেদখলমুক্ত করার লক্ষ্যে কিছু পরিবারকে প্রাথমিক নোটিশ দেওয়া হয়েছে। এখানে রাস্তা উদ্ধারের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। আর উচ্ছেদ কার্যক্রমে এখনও অনেক প্রসেস বাকি রয়েছে।”





























