
মোঃ শাকিল প্রধান ঃ
বুধবার দিনভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে।
অভিযানে গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা, জামালপুর, শিমুলিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী হতে ইজারা ব্যতিত অবৈধভাবে বালু উত্তোলন করায় রাজন আলী (৫০) নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লক্ষ টাকা এবং মাহামুদুল হাসান হিমেল(২৪) নামে একজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরীফ।
একই দিনে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি ও আলীপুরা গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমি বালি দিয়ে ভরাট বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনের (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরীফ। এ সময় ওসমান গণি মানিক (৪৫) নামে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে মাদকদ্রব্য সেবন করায় অপরাধে বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া চর আগলী গ্রামের সবুজ (৩২) নামে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।





























