
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। শনিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম
ইউনিয়নের নদীয়াবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই দুইজন হলেন মা
রাবেয়া বেগম (২৬) ও তার একমাত্র ছেলে আব্দুল্লাহ (৩)। রাবেয়া বেগম নবীয়াবাদ
গ্রামের প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী ও পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর
গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল মতিন গত ৫ বছর আগে
পারিবারিকভাবে রাবেয়া বেগমকে বিবাহ করেন। তাদের এই সাংসারিক জীবনে
তিন বছর বয়সী আব্দুল্লাহ একমাত্র পুত্র সন্তান। প্রবাস থেকে আব্দুল মতিন
ছুটিতে বাড়িতে এসে গত এক বছর আগে আবারো প্রবাসে চলে যান তিনি।
শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় রাবেয়া বেগম তার বসত ঘরের পাশে থাকা
ছোট্ট একটি ঘরের কাঠের তীরের সাথে একই রশিতে মা ও ছেলে আত্মহত্যা করেন।
শনিবার সকালে নামাজ পড়তে উঠে রাবেয়া বেগমের শশুর আলী আকবর একই রশিতে
মা ও ছেলের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহ বা অন্যান্য কোন ঘটনা
চোখে পড়েনি তাদের। তবে কি কারণে আত্মহত্যা করতে পারেন এটি হয়তো তার
স্বামী বলতে পারবে। কারণ রাবেয়া বেগমের শ্বশুর শাশুড়ি দুজনেই বৃদ্ধ, তাদের সাথে
কোন ঝামেলা হওয়ার কথা না।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ দুটি
উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা সদর হাসপাতালে ময়নাতদন্তের
জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ
জানা যাবে।




































