
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও সাংবাদিক সমাজ।
দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, নয়াদিগন্তের শফিকুল ইসলাম এবং দৈনিক বর্তমানের পারভেজকে সন্ত্রাসী মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর হামলা, নির্যাতন এবং গুলির ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পুরো জনপদ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন প্রায় ৩ শতাধিক সাংবাদিক ও কয়েকশ’ এলাকাবাসী। পুরো কর্মসূচি এলাকা হয়ে ওঠে প্রতিবাদমুখর। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের অস্ত্র উদ্ধারের দাবি জানান।
সাংবাদিকরা স্পষ্ট করে জানিয়ে দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বক্তারা বলেন, কাইল্লা মাসুদ ও তার অস্ত্রধারী বাহিনী দীর্ঘদিন ধরে রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধে জড়িত। তার বাহিনী পুরো এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরাও তার বিরুদ্ধে ক্ষুব্ধ।
মানববন্ধনে রূপগঞ্জের সাংবাদিকরা তাদের চরম নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন দৈনিক সংবাদের আলম হোসেন, জনকণ্ঠের মীর আব্দুল আলীম, ইত্তেফাকের এমএ মোমেন, বাংলাভিশনের খলিল সিকদারসহ প্রায় ৩০ জন গণমাধ্যমকর্মী।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, “সন্ত্রাসীরা আমাদের দলের কেউ নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা আমাদের সমাজের দর্পণ, তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, “আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
রূপগঞ্জের পাশাপাশি আড়াইহাজার, ডেমরা এবং ঢাকা প্রেসক্লাবের সাংবাদিকরা এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
এই ঘটনাটি সাংবাদিক সমাজের ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি আবারও প্রমাণ করল। জনতার দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচার নিশ্চিত করা হোক।





























