
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী গ্রামে শেরপুর ঝিনাইগাতী মহাসড়কে শেরপুর থেকে আসা একটি মোটরসাইকেল এর ধাক্কায় ফজিরন বেগম (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত ফজিরন বেগম সদর উপজেলার বাজিতখিলার মধ্য কুমরী গ্রামের বাসিন্দা।
গতকাল ২৫ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে মধ্যকুমরী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার স্বজনরা জানায়, শেরপুর থেকে বেপরোয়া গতিতে আসা টিভিএস মেট্রো ময়মনসিংহ – হ ১৩ ০৬ ৬৪ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে দুর্ঘটনার স্বীকার গাড়িটিকে রেখে চালক পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে শেরপুর সদর থানার ডিউটি অফিসারের সাথে কথা বললে তিনি বলেন,আমরা ঘটনাস্থলে আমাদের ফোর্স প্রেরণ করেছি। তারা বিষয়টি দেখছে।




































