
সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে পৌণে ৩ লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিসমিল্লাহ টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. জামান জানান, দোকান বন্ধের পর তিনি একটি ব্যাগে টাকা ও মোবাইল ফোন নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক ছিনতাইকারী তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ ইলিয়াস হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে মোঃ জামান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার বিকেল ৩টার দিকে একই এলাকায় আরেকটি চুরির ঘটনা ঘটে। জামাল হোসেন সাগরের একটি মোটরসাইকেল তার বাড়ির সিঁড়ির নিচ থেকে তালা কেটে চুরি হয়েছে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, উভয় ঘটনার লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























