
শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া বাজারে স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা আবু শামার বিরুদ্ধে আবু রায়হান নামে এক শারিরীক প্রতিবন্ধী যুবককে মারধর করে সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলে থানায় গত ২৩ এপ্রিল বুধবার অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী প্রতিবন্ধী যুবক। ওই প্রতিবন্ধী যুবক আবু রায়হান গোপালখিলা গ্রামের কৃষক আবুবক্করের ছেলে।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ টার দিকে ভুক্তভোগী যুবক চাউলিয়া বাজারে তার মামা মামুন মিয়ার দোকানে টাকা দিতে যাওয়ার পথে চাউলিয়া বাজারে যুবদল নেতা আবু শামা গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারধর করে সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং এ বলে শাসায় যদি ঘটনা কাউকে বলিস তবে তোকে জানে মেরে ফেলবো। ভুক্তভোগী আবু রায়হানের বাবা আবুবকর বলেন, মূলত আমার সমন্ধির মেয়ে সংক্রান্ত একটি শালিশে আবু শামা ১০ হাজার টাকা দালালি গ্রহন করে। একথা এলাকায় ছড়িয়ে পড়লে আবু শামা আমার ছেলে ও আমাকে সন্দেহ করে ক্ষিপ্ত হয়ে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এবং শাসিয়ে যায় যে, আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলবে।
বিষয়টি নিয়ে ওই ইউনিয়ন যুবদল নেতা আবু শামার সাথে কথা বললে, তিনি বলেন, এ ঘটনা পুরোটাই মিথ্যে আমি কিছুই জানি না। এটা বানোয়াট, পূর্ব শত্রুতার জেরেই এমন অভিযোগ দেয়া হয়েছে।
এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদের সাথে কথা বললে তিনি জানান, প্রতিবন্ধী ওই যুবককে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে।তবে টাকা ছিনতাইয়ের বিষটি তদন্তাধীন আছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




































