
নওগাঁয় জেঁকে বসেছে শীত। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার বদলগাছী আবহাওয়া অফিসে স্থানীয় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তরের হিমেল বাতাশ শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। কুয়াশাচ্ছন্ন সকালে সূর্য উঠার পর শীতের তীব্রতা ও কুয়াশা কিছুটা কমে।
বদলগাছী কৃষি আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাসের কারনে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে।
এই তীব্র শীতে গরম কাপড় ব্যবহার করা, শিশু ও বয়োবৃদ্ধদের বাড়ির বাইরে বের না হওয়া, বাসি খাবার না খাওয়া ও উষ্ণ গরম পানি ব্যবহার করার পরামর্শ দিয়ছেন নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।





























