
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে গার্মেন্টস কর্মী রোকসানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মোখলেছুর রহমানের ভাড়া বাসার একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেহানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রোকসানা (২৪) পিরোজপুর জেলার নেসারাবাদ থানার পঞ্চবেটি গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়ার মেয়ে। জানা যায়, বাবা-মায়ের অমতে পিরোজপুরের নাহিদ নামে এক যুবকের সাথে পালিয়ে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর সঙ্গে মতবিরোধের জেরে রোকসানা আলাদা হয়ে ফতুল্লায় একা বসবাস করছিলেন এবং একটি গার্মেন্টসে কাজ করতেন।
শুক্রবার সকালে রোকসানার এক বন্ধু খবর নিতে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই রেহানুর ইসলাম জানান, “রোকসানা দীর্ঘদিন ধরে একা বাস করছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে।”
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য জীবনের সমস্যা ও একাকিত্বের কারণে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রোকসানা। তবে তদন্তের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হবে।





























