
আতিক ফারুকী, নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর )বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় শহীদদের পরিবারের সদস্য এবং আহতরা অংশ নেন।
স্মরণসভায় আন্দোলনে শহীদদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের স্মৃতিচারণ করেন।
পরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও শহিদদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের কথা জানানো হয়। শহীদ আয়াতুল্লাহ নামে মধ্যনগর উব্দাখালী নদীর উপর নির্মিত সেতুটি নামকরণের দাবি জানানো হয়।
শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো:ওলিদুজ্জামান বলেন, ‘‘ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছে বাংলাদেশ। আগামীতে সব ধরনের মানুষের বৈষম্যহীন সমান অধিকার নিশ্চিত করতে জুলাইয়ের গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে।’’
এসময় বক্তব্য রাখেন,শহীদ আয়াতুল্লাহর পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম,মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো;মোশাইদ তালুকদার সাবেক সাধারন সম্পাদক মো:আবুল বাশার, ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ছাত্র অপি মিয়া, বাংলাদেশ হেফাজত ইসলামির সদস্য মো: নুরুজ্জামান,ছাত্র আন্দোলনের সদস্য ফজলে রাব্বি,জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক এম শহীদ,বংশীকুন্ডা দক্ষিণ ইউপির প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন,
ছাত্র আন্দোলনের সদস্য রাসেল মিয়া,জামায়াতে ইসলামী বাংলাদেশের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সভাপতি আলী হোসেন,মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার,গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির,মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস মাহমুদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা সমবায় কর্মকর্তা শামসুর রহমান, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুসহ ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরে অনুষ্ঠানে শহিদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং
শহীদ আয়াতুল্লাহর বাবা ও আহত ছাত্র অপি মিয়াকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন।





























