
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত উপ-কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “বিজয় দিবসের মেলায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল মেলা আয়োজনের আশা করছি।"
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “মেলায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্টল থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
বিজয় মেলা সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ও আনন্দঘন উদযাপনের মাধ্যমে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আ্যডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর জেলার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ্যডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভূইয়া, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারহানা মানিক মুনা প্রমুখ।





























