
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মাথুরাপুর এলাকার ইউনুস মিয়ার ছেলে নাছির মিয়া (২৮) এবং নীলফামারী জেলার ডিমলা থানার কাকড়া বাজার এলাকার তছরউদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (২৫)।
ওসি এম এ বারী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই অভিযানে মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।





























