
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কে দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় নিতাই চন্দ্র বর্মণ (২৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় সোনারগাঁ থানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিতাই চন্দ্র বর্মণ উপজেলার সাতভাইপাড়া এলাকার মৃত উমেস চন্দ্র বর্মণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিতাই চন্দ্র ইজিবাইকে যাত্রী পরিবহন করছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তার ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, সড়কে দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে। এ নিয়ে এলাকাবাসী যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।





























